ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে বলে কেন্দ্র সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে মাওবাদী অধ্যুষিত বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই আবহে কেন্দ্রীয় সরকার দাবি করল, দেশজুড়ে সশস্ত্র অতিবামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯২ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘শহুরে নকশালদের’ তথ্য নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে তাদের উপর গুরুতর নৈতিক ও মানসিক ক্ষতি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মাওবাদী অধ্যুষিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। রাজ্যের তদন্তকারীরাও ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ১২ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। এতে আরও বলা হয়েছে, ‘একযোগে পদক্ষেপের ফলে শহুরে নকশালদের উপর গুরুতর নৈতিক ও মানসিক ক্ষতি হয়েছে এবং তাদের তথ্য নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে।’
মাওবাদীদের বিরুদ্ধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিবরণ দিতে গিয়ে সরকার জানিয়েছে, ২০১৪ সালে ৩৬টি মাওবাদী প্রভাবিত জেলা ছিল, সেই সংখ্যাটা ২০২৫ সালে কমে হয়েছে মাত্র তিনটি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে এখনও পর্যন্ত ৩১৭ জন মাওবাদী নিহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে ৮৬২ জনক। আত্মসমর্পণ করেছেন ১,৯৭৩ জন।
