নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কমলেও গোবর্ধনপুরে সমুদ্রের জলোচ্ছ্বাসের তাণ্ডব অব্যাহত। গভীর রাতে জলোচ্ছ্বাসে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে পড়ল একাধিক বাড়িতে। রাতের অন্ধকারে আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হলেন বহু বাসিন্দা।
প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় গভীর রাত পর্যন্ত তৎপর ছিল গোবর্ধনপুর কোস্টাল থানা, পাথরপ্রতিমা ব্লক প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দল। স্থানীয় বিজেপি কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান। প্রায় ২২টি পরিবারকে নিরাপদে স্থানীয় ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলির জন্য খাবার, থাকার ব্যবস্থা ও ওষুধপত্রের ব্যবস্থা করেছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখছেন পাথরপ্রতিমার বিডিও, সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা এবং স্থানীয় নেতৃত্ব।
তবে সাময়িক আশ্রয় মিললেও দুর্গতদের সামনে এখন বড় প্রশ্ন, জল নামার পর ফিরবেন কোথায়? স্থানীয়দের অভিযোগ, কারও ঘর ভেঙে পড়েছে, কারও রান্নাঘর জলের তোড়ে ভেসে গিয়েছে। বহু গবাদি পশুর মৃত্যুর অভিযোগও উঠেছে। ফলে আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলির আশঙ্কা, জল নামলেও ঘরে ফেরার পরিস্থিতি থাকবে না। এমতাবস্থায় দুর্গতদের দাবি, সাময়িক আশ্রয় নয়, প্রয়োজন স্থায়ী পুনর্বাসনের।