মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ২ অক্টোবর থেকে ফের পথে নামার ডাক দিয়েছে তারা। এবার সেই আন্দোলনকে সমর্থন জানালেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর কথায়, “দেশে সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হল একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। আমি এটিকে পূর্ণ সমর্থন করি।”
সিজেপি-র দাবি অনুযায়ী, এর আগে নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল তারা। তাদের আন্দোলনের জেরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বলে দাবি করে সংগঠনটি। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন সোনমও। যদিও এবারের আন্দোলনে তিনি নিজে প্রত্যক্ষভাবে থাকবেন কি না, তা স্পষ্ট করেননি।
সোনম বলেন, “ব্যক্তিগতভাবে প্রতিটি আন্দোলনে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না হলেও আমি শুরু থেকেই এগুলোর প্রতি সমর্থন জানিয়ে এসেছি।”
তাঁর আরও সংযোজন, “যন্তর মন্তরে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন সিজেপি তুলনামূলকভাবে ছোট ছিল। তখনও আমি ওদের পূর্ণ সমর্থন দিয়েছি। এখন ওদের কণ্ঠস্বর আরও দৃপ্ত হয়েছে। ওদের কণ্ঠস্বর গোটা দেশকে নাড়িয়ে দেবে বলে আমি মনে করি।”
গত কয়েকদিন ধরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়েছে সিজেপি। জ্ঞানেশকে ইস্তফার জন্য গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। সময়সীমা পেরোলেও ইস্তফা না আসায় শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে ঘোষণা করেন, ২ অক্টোবর থেকে ফের আন্দোলন শুরু হবে।
দীপকে জানান, প্রথমে মুম্বই থেকে এই আন্দোলন শুরু হবে, তারপর তা দেশের প্রতিটি শহরে ছড়িয়ে দেওয়া হবে।