দূরবর্তী
আর্যতীর্থ
এখন আমি অনেক দূরে তোমার থেকে
তিনটে মেসেজ, ফোন দুমিনিট সারাদিনে,
তার বেশি আর সময় কোথায় রুটিন ছেঁকে
ভিন্ন চাকা দুজন যেন দুই মেশিনে।
আমার মতো তুমিও জানি চাইছো ছুটি,
কাজ পেরিয়ে পরস্পরের জন্য সময়,
কিন্তু ক্রমেই হচ্ছে দামী খিদের রুটি
অবসরের জন্য এখন দিন ভালো নয়।
সে এককালে ভোঁ বাজালে কারখানাতে
তার পরে ঘর, সেদিনটা আর কাজ হত না
থাকতো সময় একটু বেশি সবার হাতে
স্মৃতির কাছে অনেকবার এ গল্প শোনা
ভোঁ আর কোথায় এখন গুগল ক্যালেন্ডারে
অ্যালার্ম এবং রিমাইন্ডারে ভর্তি সেটা
রোজ দাঁড়ানো ডেডলাইনের খাদের ধারে
ঠোঁটের ডগায় আপ টু ডেটে তৈরি ডেটা
ওয়ার্ক ফ্রম হোম ..ট্রোজান ঘোড়ার ছদ্মবেশে
অফিস দখল করেছে আজ সব নিভৃত,
তার ওপরে এগিয়ে থাকার ইঁদুর-রেসে
লে-অফ হওয়ার ভয়ে এখন সবাই ভীত
এই সোমবার আমার আছে প্রেজেন্টেশন,
পরের বুধে তোমার রিপোর্ট দিতেই হবে,
লক্ষ্যটাতে পৌঁছে গেলেই পরের স্টেশন,
কেউ জানে না এ অন্তহীন থামবে কবে ।
এখন আমি অনেক দূরে তোমার থেকে
হিসেবমত ফ্রিজের ডিনার দুদিন বাসি,
তোমারও নেই উপায় ওঠার মাউস রেখে,
দুটো স্ক্রিনেই বানের মত ডেটার রাশি।
কুশল-খবর জানতে পারি মেসেজ দেখে
অথচ রোজ শুই দুজনে পাশাপাশি..