ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দিতে ভারতে এসে নতুন আইনি জটিলতায় ইউটিউবার ধ্রুব রাঠি। সাত বছর আগের একটি মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। ২০১৮ সালের ওই মামলাটি দায়ের করেছিলেন বিজেপি সমর্থক বিকাশ পাণ্ডে।
অভিযোগ, ধ্রুব রাঠি একটি ভিডিওয় বিকাশ পাণ্ডেকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন। দীর্ঘদিন জার্মানিতে থাকায় এত দিন তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা যায়নি। ভারতে ফেরার পর সাকেত আদালত তাঁকে সমন পাঠায়। এবার জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। বিকাশ পাণ্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি সমাজমাধ্যম পেজের প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে বিকাশকে বিজেপির আইটি সেলের সদস্য বলে উল্লেখ করা হয়েছিল বলে তাঁর দাবি। পাশাপাশি, ভিডিওয় তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্যও রাখা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় ধ্রুবের বিরুদ্ধে মানহানির মামলা করেন বিকাশ। একই ব্যক্তির তরফে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কেজরিওয়াল ক্ষমা চেয়ে নিয়েছেন।
সম্প্রতি দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করেও বিতর্কে জড়ান ধ্রুব রাঠি। শনিবার যন্তর মন্তরে প্রস্তাবিত কর্মসূচির আগে গুরুগ্রামে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা পর ওই দিন রাতেই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, ধ্রুবকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। তাই তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করারও প্রয়োজন পড়েনি।