নিজস্ব সংবাদদাতা: পুজোর আনন্দের মাঝেই কেলেঙ্কারি ঘটনা অজয় দেবগণ এবং কাজলের পরিবারে। সপ্তমীর সকালে মুম্বইয়ের জুহুতে তাঁদের বাংলোর একাংশ ভেঙে দিল বৃহন্মুম্বই পুরসভা। সূত্রের দাবি, বেআইনি নির্মাণের অভিযোগেই এই পদক্ষেপ।
জানা গিয়েছে, জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত অজয়ের বাংলোটির আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট। পুরসভার অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বাংলোর ভিতরে একাধিক নির্মাণ ও সংস্কারের কাজ করাচ্ছিলেন অভিনেতা। এই মর্মে গত ১০ সেপ্টেম্বর তাঁকে ৩৫৪ এ ধারায় নোটিস দেওয়া হয়। অবিলম্বে কাজ বন্ধ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছিল।
পুরসভা সূত্রে খবর, নোটিসের পরেও কাজ বন্ধ হয়নি। তাই শনিবার সকালে পুরকর্মীরা বাংলোতে গিয়ে হাতুড়ি দিয়ে বেআইনি অংশ ভেঙে দেন।
উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন অজয়। মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘বিমল পান মশলা’র বিজ্ঞাপন করায় তাঁকে, শাহরুখ খান ও টাইগার শ্রফকে নোটিস পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে। অভিনেতাদের কাছে চুক্তিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত নথি তলব করা হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বাংলোর বেআইনি নির্মাণ নিয়ে ফের বিপাকে পড়লেন অভিনেতা।