নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : গান ও কথার মাধ্যমে দর্শকদের মন জয় করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইস্পাতনগরীর চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির হয়ে অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন টলিউডের এই তারকা। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে পুজো প্রাঙ্গণে ভিড় জমালেন অসংখ্য মানুষ। তাঁর উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।

এ বছর ৬৬ বছরে পদার্পণ করেছে দুর্গাপুরের চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো। সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। পুজো প্রাঙ্গণে উপস্থিত টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন উপস্থিত অনুরাগীরা। তাঁদের উদ্দেশে প্রসেনজিৎ বলেন, যতদিন বেঁচে থাকব, ততদিন অভিনয়ের মধ্য দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকব।