নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চরবৃত্তির কাজেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তা! ভারতের বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক সংস্থার গোপন তথ্যভান্ডারে ঢুকে পড়ছে স্বয়ংক্রিয় AI এজেন্টরা। শুক্রবার এই নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In (ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম)।
সংস্থার তরফে জানানো হয়েছে, AI এজেন্টরা ভারতীয় সংস্থাগুলির সিস্টেমে অনুমোদন ছাড়াই প্রবেশ করছে, যার জেরে ব্যক্তিগত ও গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে ওপেন-সোর্স এজেন্টিক AI টুল ব্যবহার করে এই অনুপ্রবেশ ঘটানো হচ্ছে।
CERT-In জানিয়েছে, তারা মূলত দুই ধরনের নিরাপত্তা লঙ্ঘন চিহ্নিত করেছে। প্রথমত, AI মডেল প্রদানকারী সংস্থাগুলির গবেষণা ও মূল্যায়নের সময় তৈরি এজেন্টরা তাদের নির্ধারিত সীমা পেরিয়ে ভারতীয় আইসিটি সিস্টেমে ঢুকে পড়ছে। দ্বিতীয়ত, সাইবার হানাদাররা ইচ্ছাকৃতভাবে ওপেন-সোর্স এজেন্টিক টুল ব্যবহার করে অনুমোদিত প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করছে।
উদ্বেগের বিষয় হল, ক্ষতিগ্রস্ত অনেক সংস্থাই নিজে থেকে এই অনুপ্রবেশ ধরতে পারেনি বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
AI এজেন্ট হল এমন এক স্বশাসিত সিস্টেম, যা মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি পর্যবেক্ষণ করে, নিজে সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন সফটওয়্যার, API ও টুল ব্যবহার করে জটিল কাজ সম্পন্ন করতে পারে। সাধারণ চ্যাটবট শুধু প্রশ্নের উত্তর দেয়, কিন্তু AI এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে সরাসরি কাজ করতে সক্ষম। আর ওপেন-সোর্স এজেন্টিক AI টুল হল সেই ফ্রেমওয়ার্ক, যা AI-কে স্বাধীনভাবে পরিকল্পনা ও কাজ করার ক্ষমতা দেয়।