ওঙ্কার ডেস্ক: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে ইন্ডি জোটের কর্মসূচিতে যোগ দিল থলপতি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে)। বৃহস্পতিবার চেন্নাইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেন টিভিকে নেতারাও। ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস-সহ বিরোধী জোটের শরিকরা। ইন্ডি জোটের কোনও কর্মসূচিতে এই প্রথম অংশ নিল বিজয়ের দল।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে-র অভাবনীয় সাফল্যের পর থেকেই বিজয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়ছিল। বিশেষ করে, বিরোধী ইন্ডি জোটে তাঁর দল যোগ দিতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। সম্প্রতি দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকেও টিভিকে-কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব উঠেছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরে তামিলনাড়ুতে বিজয়ের দলের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। সেই বৈঠকের পরই ইন্ডি জোটের কর্মসূচিতে টিভিকে-র অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবারের বিক্ষোভে মূলত বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করেন আন্দোলনকারীরা। টিভিকে-র নেতা তথা তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহনও এই প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, এসআইআর প্রক্রিয়া স্বভাবতই অগণতান্ত্রিক। এটি সংবিধানপ্রণেতা বি আর আম্বেদকরের প্রতিষ্ঠিত সাম্যের নীতির পরিপন্থী এবং ক্ষতিকর। রাজমোহন আরও জানিয়েছেন, এসআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও অবস্থান নিয়েছে টিভিকে। ফলে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে বিজয়ের দলের যোগদান নতুন মাত্রা যোগ করল।