নিজস্ব প্রতিনিধি, আসানসোল : দুর্গাপুজোকে সামনে রেখে প্রকাশিত হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুজো গাইড ম্যাপ ২০২৬। একই অনুষ্ঠানে ‘প্রত্যয়’ নামে পুলিশের ২০২৬ সালের একটি ম্যাগাজিনেরও উদ্বোধন করা হয়। পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে বিপুল জনসমাগমকে মাথায় রেকেহ প্রতিবছরই পুলিশের পক্ষে থেকে নানান জনসচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি। এবারের এই উদ্যোগে বিশেষ স্থান পেয়েছে সাইবার ক্রাইম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার প্রণব কুমার, আইপিএস, ডিসিপি হেডকোয়ার্টার্স, এসিপি, ইসিএলের জেনারেল ম্যানেজার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পানাগড়ের লালবাবা রাইসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুজোর সময় সাধারণ মানুষের সুবিধার্থে গাইড ম্যাপ প্রকাশ করা হয়।
এদিন পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা জুড়ে ২৫টি সাইবার সচেতনতা বুথ তৈরি করা হয়েছে। এই বুথগুলির মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হবে এবং প্রতারণা থেকে সতর্ক থাকার বার্তা দেওয়া হবে।