জয়ন্ত সাহা, আসানসোলঃ জঞ্জাল সাফাইয়ে এবার নামতে দেখা গেল আসানসোলের জাতীয় কংগ্রেসের সদস্যদের। অন্যদিকে বেতন বৃদ্ধি, পি এফ সহ একাধিক দাবিতে প্রায় আট দিন ধরে কর্ম বিরতি পালন করছে আসানসোল পুরো নিগমের ১০৬ টি ওয়ার্ডের সাফাই কর্মীরা। তাদের এই কয়েকদিনের কর্ম বিরতির জেরে আসানসোল শহরে আবর্জনা স্তূপ জমতে শুরু করেছে। তারই প্রতিবাদ জানিয়ে আসানসোল শহরকে দূষণমুক্ত রাখতে আসানসোল জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডি। তার আরো হুঁশিয়ারি, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে শহরের সমস্ত আবর্জনা ট্রাকে করে নিয়ে গিয়ে পুরসভার সামনে রেখে তারা আন্দোলন করবেন।
অন্যদিকে কংগ্রেস নেতা শা আলম বলেন, আমরা কালকে পুরসভাকে সতর্ক করে এসেছিলাম ব্যবস্থা নেওয়ার জন্য, না হলে আমরা রাস্তায় নামব। তাই আজকে আমরা কর্পোরেশনের চোখ খোলার জন্য আসানসোল মার্কেটের বিভিন্ন জায়গা পরিস্কার করছি।
পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই স্তূপীকৃত আবর্জনায় সমস্যায় পড়েছেন। তারা জানান, রাস্তাঘাট, নালা-নর্দমা আবর্জনায় ভরে যাওয়ায় রোগজীবাণু ছড়াচ্ছে এলাকায়।
কবে প্রশাসন এইদিকে বিশেষভাবে নজরপাত করবে, সেইদিকেই তাকিয়ে আসানসোলবাসী।
