গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগণা: রাজ্য সরকারের ঘোষিত বর্ধিত ভাতা কার্যকর না হওয়ার অভিযোগ। বুধবার মহেশতলা পুরসভায় বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব পালন সত্ত্বেও প্রাপ্য সম্মানী ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে তাঁদের, মাসিক ভাতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন আন্দোলনকারী আশা কর্মীরা।
সূত্রের খবর, আজ মহেশতলা পুরসভার সামনে প্রথমে প্রতিবাদ জানান আশা দিদিরা। পরে কার্যনির্বাহী আধিকারিক ড. তপন কুমার মুখোপাধ্যায়ের হাতে স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনে তাঁদের অভিযোগ, সরকার আশা কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করলেও এখনও পুরনো হারে ভাতা দেওয়া হচ্ছে তাঁদের। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সেই অনুযায়ী প্রাপ্য সম্মানী ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তাঁরা। এমতাবস্থায় দ্রুত বর্ধিত ভাতা কার্যকর করা ও বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে পুর-কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান আশা কর্মীরা।
বলে রাখা ভালো, গর্ভবতী মহিলাদের প্রাক-প্রসব ও প্রসব-পরবর্তী যত্ন, হাসপাতালে প্রসবের ব্যবস্থা করা এবং নবজাতকের টিকাকরণ নিশ্চিত করার দায়িত্ব থাকে এই আশা দিদিদের উপরেই। পাশাপাশি অপুষ্টি দূরীকরণ, স্তন্যপান এবং পরিবারের পুষ্টি সম্পর্কে মায়েদের সচেতন করাও তাঁদের কাজ। বর্তমানে ম্যালেরিয়া, ডেঙ্গু, যক্ষ্মা এবং অন্যান্য সংক্রামক রোগের লক্ষণ চিহ্নিত করা এবং সরকারি ওষুধ সরবরাহ করাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে তাঁদের মাসিক ভাতার বৃদ্ধির জন্য আন্দোলন প্রাসঙ্গিক বলেই মনে করছে পরিবার।