ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে আগেই ইউপিএ আইনে গ্রেফতার হয়েছিলেন এক মার্কিন নাগরিক-সহ সাত বিদেশি নাগরিক। অবশেষে সেই অভিযোগ প্রত্যাহার করে নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া মার্কিন নাগরিকের নাম ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক।
সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর কূটনৈতিক আলোচনার সময় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ওয়াশিংটনের চাপের কারণেই এই কঠোর অভিযোগ প্রত্যাহার করা হয়েছে কিনা, সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। গত ১১ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে ডাইককে গ্রেপ্তার করা হয়। পরের দিন দিল্লি ও লখনউ বিমানবন্দর থেকে ছয় ইউক্রেনীয় নাগরিককে আটক করা হয়। ডাইকের পরিবার তার মুক্তির জন্য কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিল। মঙ্গলবার এনআইএ ওই অভিযুক্তের বিরুদ্ধে দিল্লির একটি বিশেষ এনআইএ আদালতে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’-এর অপেক্ষাকৃত ‘দুর্বল’ ধারায় চার্জশিট দাখিল করেছে। তাদের বিরুদ্ধে কেবল ভারতে অবৈধ ভাবে প্রবেশ, অবস্থান ও চলাফেরার অভিযোগ আনা হয়েছে।
বিশেষ সরকারি কৌঁসুলি রাহুল ত্যাগী আদালতকে জানান, মঙ্গলবার দাখিল করা চার্জশিটে এনআইএ ইউএপিএ ধারা প্রয়োগ করেনি, তবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে অপরাধের তদন্ত প্রক্রিয়া খোলা রেখেছে। তিনি বলেন, পরবর্তী তদন্তে যদি ইউএপিএ-র আওতাভুক্ত কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে চার্জশিট দাখিল করতে পারবে।