ওঙ্কার ডেস্ক: ছোটোবেলায় বাংলার ঋতু রচনায় লেখা হত ভাদ্র-আশ্বিন শরৎকাল। বাংলার ক্যালেন্ডার ইতিমধ্যেই জানান দিচ্ছে রাজ্য জুড়ে এখন শরৎকাল। কিন্তু আকাশের দিকে তাকালে তা বোঝার উপায় নেই। কারণ রৌদ্রোজ্জ্বল আকাশের তীব্রতাকে আড়াল করে ভেসে বেড়াচ্ছে কালো মেঘের ভেলা, মাঝে মাঝেই চমকাচ্ছে বিদ্যুৎ আর গর্জাচ্ছে বাজ।
বুধবার ও পরবর্তী ক’দিন কেমন কাটবে আবহাওয়া? কি-ই বা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? চলুন জেনে নেওয়া যাক।
সুত্রের খবর, দক্ষিণবঙ্গে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে।
কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে ।
অপরদিকে উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।
শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের ওপরের ৫ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।