ওঙ্কার ডেস্ক: মুনিরকা মেট্রো স্টেশনের কাছে ১ সেপ্টেম্বর শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একজন গ্রন্থাগারিককে হামলা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তার আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপককে ক্যাম্পাসের মধ্যে এক ছাত্র আক্রমণ করেছিল। সেই ঘটনার এক মাসের মধ্যেই গ্রন্থাগারিক রাজেশ কুমার পান্ডে হামলার শিকার হন। একের পর এক এমন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংসদের নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিষ্ঠানগুলোতে একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মী, শিক্ষকদের পাশাপাশি পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে হামলার ঘটনায় আরকে পুরম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পান্ডে। অভিযোগে তিনি বলেন, হামলাকারী তার কাছে এসে জিজ্ঞাসা করে, “আপনি কি বিশ্ববিদ্যালয়ে এইভাবে কথা বলবেন?” এর পর মুখে ঘুষি মারে। আঘাতের ফলে তার বাম চোখে গুরুতর চোট লাগে। দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়।
গত জুন মাসে, পান্ডেকে মুনিরকা মেট্রো স্টেশনের একটি গেটের কাছে সিঁড়ি থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন যে এই হামলার পেছনে বিশ্ববিদ্যালয়েরই কেউ ছিল। আরকে পুরম থানার এক আধিকারিক বলেন, হামলাকারীকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করছে।