ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সেনা দফতরে জাঁকজমক করে বিয়ে সম্পন্ন হল সে দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মেয়ের। তাৎপর্যপূর্ণ হল, নিজের ভাইয়ের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন পাক সেনা কর্তা। তবে অনুষ্ঠানটি জাঁকজমক ভাবে হলেও। এটির কোনও ছবি প্রকাশ করা হয়নি।
সূত্রের খবর, পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যে মেয়ের বিয়ে হয়েছে তাঁর নাম মাহনূর। গত ২৬ ডিসেম্বর তাঁর তুতো ভাই আব্দুল রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। রিপোর্ট অনুসারে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনা সদর দফতরে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েরত আসরে উপস্থিত ছিলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সামরিক ব্যক্তিত্বরা। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে সশরীরের হাজির ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, আইএসআই প্রধান এবং পাকিস্তানি সেনাবাহিনীর অন্যান্য সদস্যরাও ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
আসিম মুনিরের ভাইপো অর্থাৎ পাত্র আব্দুল রহমান পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে প্রশাসনে যোগ দেন সেনাদের জন্য সংরক্ষিত আসনের সুবিধা নিয়ে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তিনি কর্মরত রয়েছেন। পাকিস্তানি সাংবাদিক জাহিদ গিশকোরির মতে, বিয়েতে ৪০০ জন অতিথি ছিলেন কিন্তু নিরাপত্তার কারণে তা গোপন রাখা হয়। উল্লেখ্য, মুনিরের চার কন্যা রয়েছে। তার মধ্যে মাহনূর তৃতীয়।
