ওঙ্কার ডেস্ক: একাধিক বিয়ে করলে এবার শাস্তির মুখে পড়তে হবে। এই মর্মে বিল পাশ হল বিজেপিশাসিত অসমে। বৃহস্পতিবার অসম বিধানসভায় বহুবিবাহ নিষিদ্ধ করতে এই বিল পাস করা হয়েছে। এই অপরাধে কেউ যদি অভিযুক্ত হন, তাহলে শাস্তি হিসেবে সাত বছরের কারাদণ্ড এবং ভুক্তভোগী মহিলাকে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিষয়টি নিয়ে বলেছেন, উত্তরাখণ্ড বিধানসভায় পাস হওয়া অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে নতুন আইন আনার দিকে প্রথম পদক্ষেপ হল ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’। তিনি বলেন, আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি ক্ষমতায় এলে, বিধানসভার প্রথম অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হবে।
‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল’ কী?
এনডিএ শিবিরের আনা এই বিলে বলা হয়েছে, প্রথম বিয়ে টিকে থাকা অবস্থায় বেআইনিভাবে দ্বিতীয় বিয়ে করে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। কেউ যদি পূর্বের বিয়ে গোপন করে পুনরায় বিয়ে করে, তাহলে তার ১০ বছরের জেল এবং জরিমানা হবে। তবে, এটি তফসিলি উপজাতি এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাধীন এলাকাতে প্রযোজ্য হবে না।
বিলটিতে ‘বহুবিবাহ’ বলতে বোঝানো হয়েছে, যখন কোনও ব্যক্তির ইতিমধ্যেই একবার বিয়ে হয়েছে এবং তাঁর সঙ্গী (স্বামী/স্ত্রী) জীবিত রয়েছে। তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি, বা তাদের বিয়ে আইনত বাতিল বলে ঘোষণা করা হয়নি। এই বিলে বহুবিবাহের কারণে ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। কারণ বহু বিবাহের কারণে মহিলাদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, শাস্তি পাওয়ার পর যদি কেউ অপরাধ করে, তাহলে প্রতিটি নতুন অপরাধের জন্য তাকে স্বাভাবিক শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া হবে।
