ওঙ্কার ডেস্ক: চলতি বছরের এপ্রিলে অসমে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে, এমনটাই খবর সূত্রের। রিপোর্ট অনুসারে, আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে কমিশন। তবে উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, অসমে বিজেপি বিজেপি হ্যাটট্রিক করার চেষ্টা করছে। তবে একদা সে রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেসও মরিয়া কুর্সি দখল করতে। সেই চেষ্টা অব্যাহত হাত শিবিরের। তবে বিজেপি আগামী নির্বাচনে জয়ী হলে কাকে মুখ্যইমন্ত্রী করবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে সূত্র জানিয়েছে, দুই বারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে মুখ করে আসন্ন নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি। হিমন্তকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে নিশ্চিত করার বিষয়ে দলের শীর্ষ স্তর থেকে অনুমোদন আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
নীচু তলায় সমীক্ষা চালিয়ে পদ্ম শিবির একটি বিষয়ে নিশ্চিত হয়েছে, যে এখনও অসমে জনপ্রিয় হিমন্ত। তাই তাঁকে সামনে রেখে ময়দানে নামলে বিজেপির লাভ হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচনী প্রচারে কোন ঘুঁটি ব্যবহার করবে পদ্ম শিবির, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। সূত্রের দাবি, প্রচারের পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলা হয়েছে। বিজেপির পক্ষে সমর্থন জোগাড় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যজুড়ে একাধিক সভা করতে পারেন।
