নিজস্ব সংবাদদাতা, উত্তর চব্বিশ পরগনা : অসুস্থ রুগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। গ্রামে জল জমে এতটাই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন একপ্রকার স্তব্ধ । বাদুড়িয়ার , চাতরা পঞ্চায়েতের ,মির্জাপুর , পাবিয়া , কোটালবেড়িয়া , রসুই, পোতাপাড়া, সহ বেশ কয়েকটি গ্রামের ঘটনা ।
লাগাতার কয়েক দিনের বৃষ্টিতে প্রতিবছরের মতন এ বছরেও বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল । জল জমেছে চাষের জমিতে রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে। অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনটাই দূর অবস্থা গ্রামের, আবার চাষের জমিতে ফসল নষ্ট অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায় ।
বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে মানুষের । বাচ্চারা স্কুলে যেতে পারছে না । বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র । খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে । কাজ কর্ম একপ্রকার বন্ধ হতে বসেছে । চাষবাস সব শেষ । সাপ পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে ।এলাকার মানুষের দাবি তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। তাদের দাবি অবিলম্বে এই সমস্যার থেকে সমাধান করুক প্রশাসন ।
যদিও চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন-ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা । ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এর পরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে । এইগুলো সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ ।
