হলদিয়া: জামিন মিলল না নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। শনিবার হলদিয়া আদালত আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার অন্য একটি মামলায় ফের তাঁকে আদালতে তোলা হবে।
গতকাল, শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ২০০৭ সালের একটি পুরনো খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মিলন প্রধানকে প্রার্থী করেছে কংগ্রেস। এই কেন্দ্রে দল ও প্রতীক হারিয়ে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে প্রার্থীর এই আচমকা গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
কংগ্রেসের অভিযোগ, একটি সভা করতে গিয়েছিলেন মিলন, সেখান থেকেই তাঁকে পাকড়াও করা হয়। নির্বাচনের মুখে ইচ্ছাকৃতভাবে পুরনো মামলা খুঁচিয়ে তুলে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে হাত শিবির। এদিন হলদিয়া আদালতের বাইরে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা সম্পাদক অজিতেশ পাণ্ডে বলেন, “আদালতে পুলিশ জানাল, ১৯ বছর ধরে তারা নাকি মিলনকে খুঁজে পায়নি। আর নির্বাচনে প্রার্থী হওয়ার পরই তাঁকে পেয়ে গেল! কী অদ্ভুত না?” শনিবার মিলনকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন।