ওঙ্কার ডেস্কঃ বজরং দলের দৌরাত্ম্য। হিন্দু তরুণীর জন্মদিনে ২ মুসলিম যুবক আমন্ত্রিত থাকায় ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে বেধড়ক মারধর করা হল। গত শনিবারের ঘটনা। বরেলির প্রেম নগরের একটি ক্যাফেতে নিজের ২০ বছরের জন্মদিন পালন করছিলেন বিএসসি নার্সিং-এর এক ছাত্রী। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ৯ জন বন্ধু। তারমধ্যে ৫ জন তরুণী ও ৪ জন তরুণ। আমন্ত্রিতদের তালিকায় দুজন মুসলিম যুবক থাকায় চড়াও হয় বজরং দলের প্রায় ১২ জন সদস্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে, বজরং দলের সদস্যরা ক্যাফেতে ঢুকে এক তরুণকে চড় মারে এবং অন্যজনকে টেনে এনে বেধড়ক মারধর শুরু করে। আক্রান্তদের বাঁচাতে গেলে এক তরুণীর ওপরও চড়াও হয় বজরং দলের সদস্যরা। অভিযোগ উঠেছে, মারধরের জেরে এক মুসলিম তরুণের হাড় ভেঙে গিয়েছে।
আক্রান্ত নার্সিং ছাত্রীর দাবি, ‘ওরা এসে ‘লাভ জিহাদ’-এর ভিত্তিহীন দাবি তুলে হুজ্জুতি শুরু করে। আমার বন্ধুদের হেনস্থা ও মারধর করা হয়েছে।’ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বজরং দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আক্রান্ত দুই যুবক এবং ক্যাফের এক কর্মীকে ‘শান্তিভঙ্গের’ অভিযোগে জরিমানা করে পুলিশ। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলে বাধ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
অন্যদিকে, বরেলির এসপি মানস পারিক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কেন প্রাথমিক পদক্ষেপ করা হয়নি, সে বিষয়ে অফিসারের কাছে জবাব চাওয়া হয়েছে।
