ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী খালেদাপুত্র তারেক রহমান। পদ্মাপাড়ের ভোটে জামাতকে হারিয়ে জয়ী হয়েছে বিএনপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বহু বছর পর বাংলাদেশের ক্ষমতায় আসছে খালেদা জিয়ার দল বিএনপি। শুক্রবার সকালের দিকে ফলাফল কী হতে পারে তা স্পষ্ট হতেই ‘তারেকভাই’কে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
বাংলাদেশে বিএনপি-র সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তারা একে অপরকে ‘দিদি-বোন’ বলে সম্বোধন করতেন। হাসিনা ভারতে চলে আসার পর বাংলাদেশে অশান্তির পরিমান বেড়েছে। সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা। তবে বরাবরই বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন তিনি। নতুন সরকার গঠনের আগে আবারও বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়। শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার করে নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন।
