ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারত কোনও শর্ত দিয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের তরফে দু’টি শর্ত দেওয়া হয়েছে। তবে সেই দাবি সরাসরি খারিজ করেছে ঢাকা। বাংলাদেশের বক্তব্য, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনও শর্ত বা সমঝোতা নিয়ে আলোচনা হয়নি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আশা করছে তারা।
সোমবার বিদেশ মন্ত্রকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে কোনও শর্তের আলোচনা হয়নি। তাঁর কথায়, দিল্লির কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ। এবার দুই দেশের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি মেনেই পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা। গত ১২ নভেম্বর বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত দু’টি শর্ত বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ, সেনাবাহিনীর বিমানে করেই তিনি ভারতে এসেছিলেন।
দ্বিতীয় শর্তটি ছিল তাঁর বিচারপ্রক্রিয়া সংক্রান্ত। ভারতের বিদেশ মন্ত্রকের কয়েকজন আধিকারিকের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে দাবি করা হয়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে হাসিনাকে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিচার নতুন করে করার নিশ্চয়তাও দিতে হবে। তবে এই দুই শর্তের কোনওটির বিষয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে কোনও কথাবার্তাই হয়নি।