অর্পিতা মুখার্জী, কলকাতা: মথুরায় বিজেপির বড় জমায়েত। সামনে উত্তরপ্রদেশ ভোট। আর সেই মঞ্চ থেকেই কৃষ্ণ জন্মভূমি আন্দোলনকে ফের চাঙ্গা করার চেষ্টা করছে গেরুয়া শিবির। তার পাল্টা হিসাবে এবার ব্যঙ্গের সুরে তোপ দাগলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সোমবার মথুরায় বিজেপির বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, “মথুরায় যাঁরা আসছেন, তাঁদের পরামর্শ দেব, যমুনায় ডুব দিয়ে, আচমন করে অনুষ্ঠান শুরু করুন। তাতে মঙ্গল হবে।” এরপরই খোঁচা। “আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কোথাও থেকে ভালো ডাক্তারের ব্যবস্থা করে রাখবেন,” বলেন অখিলেশ। যমুনা দূষণ নিয়ে বিজেপি সরকারকে এভাবেই কটাক্ষ করেছেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
অখিলেশের এই মন্তব্য এসেছে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের চ্যালেঞ্জের পর। মৌর্য বলেছিলেন, সত্যিকারের কৃষ্ণভক্ত হলে অখিলেশ মথুরায় এসে কৃষ্ণ জন্মভূমির জন্য কারসেবায় যোগ দিন। মথুরায় বিজেপির দু’দিনের চিন্তন শিবির শুরু হয়েছে সোমবার থেকে। উপস্থিত ছিলেন ৫৪ জন শীর্ষ নেতা, যাঁদের বেশিরভাগই পশ্চিম উত্তরপ্রদেশের। ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরীও।
প্রথম অধিবেশনের পর সাংবাদিকদের মৌর্য বলেন, অযোধ্যার রাম মন্দিরের আদলে ভগবান কৃষ্ণের জন্মস্থানেও বিশাল মন্দির তৈরি হবে। তাঁর কথায়, “অযোধ্যা হুই হামারি হ্যায়… অব মথুরা কি বারি হ্যায়।” তারপরই অখিলেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মৌর্য বলেন, “যদি তিনি সত্যিকারের কৃষ্ণভক্ত হন, তাহলে শ্রীকৃষ্ণ জন্মভূমির জন্য কারসেবায় অংশ নিন। আমি তাঁর সঙ্গে যোগ দেব।”
বিজেপির এই আক্রমণের পিছনে রয়েছে অখিলেশের অযোধ্যা সফরের ঘোষণা। ১২ ডিসেম্বর স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে রাম মন্দিরে যাওয়ার কথা তাঁর। বৃন্দাবনেও যাবেন বলে জানিয়েছেন অখিলেশ।
মথুরা পশ্চিম উত্তরপ্রদেশের অংশ, যা গত দুই বিধানসভা ভোটে বিজেপির শক্ত ঘাঁটি ছিল। এবার সেখানে ঢুকে পড়েছে আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদের জোট। মুসলিম ও দলিত ভোটের দিকে তাকিয়ে তৈরি হয়েছে সামাজিক পরিবর্তন মোর্চা। এই দুই সম্প্রদায়ের ভোট কাটতে পারলে লড়াই কঠিন হবে বিজেপি ও সপা দু’পক্ষের জন্যই।