ওঙ্কার ডেস্কঃ বাজেট অধিবেশনের নজিরবিহীন বাদানুবাদে উত্তপ্ত হল বিধানসভা। শুভেন্দুর পিতৃ পরিচয় নিয়ে ঝামেলা। বেনজির বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন শুভেন্দু। পালটা উদয়ন সাফ প্রশ্ন করেন শুভেন্দুকে। জানতে চান, “আপনি তো শিশিরবাবুর ছেলে। আর নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?” এরপরই ঝামেলার সূত্রপাত।
শুক্রবার বিধানসভার শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। অভিযোগ তারপর উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বাজেট আলোচনার পর এনিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন। নিজের পিতৃপরিচয় দিয়ে উদয়নের আরও বক্তব্য, তাঁর বাবা কমল গুহ ১৯৬২ সাল থেকে সাতবার বিধানসভার সদস্য ছিলেন, বাম রাজনীতি করতেন। তা শুনে শুভেন্দু বলে ওঠেন, ”আপনিই তো নিজের বাবাকে চোর বলেছেন।”
এরপর উদয়নের মন্তব্য, ”আপনি প্রমাণ করে দিন আমি বাবাকে কখনও চোর বলেছি! আর আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”
ওয়াকিবহাল মহলের মত, বিধানসভা অধিবেশনের মাঝে এভাবে পিতৃপরিচয় নিয়ে শাসক-বিরোধী ঝামেলা আগে হয়নি।
