বিশ্বজিৎ হালদার : দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্র বলছে, ‘ছাব্বিশের আগে অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন। শোভন-বৈশাখীর পর এবার কি তাহলে তাপস রায় ? এই জল্পনা তৈরি হয়েছে রাজ্যে রাজনীতিতে। বুধবার ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে এই জল্পনায় উত্তরে তাপস রায় সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সুবিধাবাদী নন। তিনি বলেন, “ব্যাক্তিগত সুবিধা পাবার লোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়নি।” পাশাপাশি তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে মক্ষতায় বসিয়ে ছিলেন। এমন কি সিপিএমের কর্মী সমর্থকরাও মমতাকে চেয়ে ছিলেন। তবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরিত্রাণ চাইছে বাংলার মানুষ। বাম জমানার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি মমতা জামানায়। মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফেরাচ্ছেন। অন্যদিকে বাংলার হিন্দুরা এক জোট হচ্ছে। ছাব্বিশে তৃণমূল সরকার যাচ্ছে এক প্রকার নিশ্চিত ।
প্রসঙ্গত, ছাব্বিশে লোকসভা নির্বাচনে জোড়াসাঁকো কেন্দ্র থেকে লড়াই করেন তাপস রায়। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দেন তাপস। যদিও জয় আসেনি। তবে বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পায় অনেকটাই। চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরের। ‘ছাব্বিশের বিধানসভায় জোড়াসাঁকো কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। এবার ও কি তাপসের উপর ভরসা করবে বিজেপি ? সেটা সময় বলবে। তবে বিজেপি নেতা তাপস রায়ের দাবি, এস আইআর হলে শুধু জোড়াসাঁকো নয়, উত্তর কলকাতার সব আসন পদ্ম ফুটবে। কারণ গোটা রাজ্যের পাশাপাশি কলকাতার মানুষও মমতা সরকারের উপর তিত বিরক্ত। তারা এই সরকারের থেকে পরিত্রাণ চাইছেন।
‘ছাব্বিশের জোড়াসাঁকো বিধানসভা আসনে পদ্ম প্রার্থী তাপস রায় ? এই প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছেন, “জোড়াসাঁকো আসনে বিজেপির জয় নিশ্চিত, তবে বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল। প্রার্থী বাছায়ের একটা পদ্ধতি আছে। এটা কোন একজন ব্যাক্তির দল নয়”। তাঁর মতে, দল কাকে প্রার্থী করবে সেটা দল ঠিক করবে। একই সঙ্গে তার দাবি, জোড়াসাঁকোতে এখন তৃণমূলের দুটো লবি। ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। যা নিয়ে দলের নিচু তলার কর্মী সমর্থকরাও অতিষ্ঠ। তবে তৃণমূলে ঘর ওয়াপসির কোন প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেন বিজেপি নেতা তাপস রায়।
