বৃষ্টিদিন
অর্চিতা মাইতি
সকাল থেকে আকাশ মেঘে ঢাকা
মাতাল বাতাস ঝাপটা দিয়ে গেলো
দূরের মাঠ ঝাপসা হয়ে আসে
হঠাৎ বুঝি বৃষ্টি ঝেঁপে এলো।
এমন সময় শৈশবেরা এসে
বাইরে ডাকলো এসো বৃষ্টি মাখি
বেরিয়ে পড়ি যেমন ছিলাম ঘরে
স্মৃতি-ঘরের অনন্ত সুখ-পাখি!
এইতো এবার বৃষ্টি ঝেঁপে এলো
খুলে যাচ্ছে স্মৃতির অনেক পাতা
এখন কাছে শৈশব তো নেই
কেবল মনে বড় হওয়ার ব্যথা।
আধো-আলো ভেজা পথের ধারে,
ঝরে পড়ে বৃষ্টিফুলের ছটা,
স্মৃতির ভেতর হারানো দিন জাগে
জলরঙা ওই ছিন্ন ব্যাকুলতা।
মন ভিজে যায় আকাশের ঐ সুরে,
মেঘের ভেতর দোলে শৈশব-গান,
শিশির-ঘ্রাণে মিষ্টি ভেজা বুকে
জেগে থাকে হারানো প্রাণের টান।
অতল আকাশ মেঘে ভরে আসে,
ঝরে পড়ে স্মৃতি জলের মতো,
ভেজা বাতাস হৃদয় ছুঁয়ে গিয়ে,
ফিরিয়ে আনে হারানো দিন যত।