কোণঠাসা কোলাহল
সুপর্ণা পাল বণিক
মুখোশের মিছিলে কোটি কোটি মুখ
কোলাহলে হারিয়ে ফেলেছে নিজস্ব স্বর।
ভাল-মন্দের সংজ্ঞা আপাত ধূসর
সুস্থতার অভিনয়েই ব্যস্ত সবাই।
কেউ অতৃপ্তির উপবাসে মগ্ন
কেউ বা উচ্ছিষ্ট গিলে চলেছে নিরন্তর।
উদ্দেশ্য আর বিধেয়র চেনা ব্যাকরণ
আপেক্ষিক এখন
সত্য গিয়েছে নিভৃত নির্বাসনে
মঞ্চে সগর্বে দাঁড়িয়ে রয়েছে মিথ্যেরা
গায়ে তাদের জমকালো পোশাক।
অন্তহীন মরীচিকার পিছনে ছুটছে দিশেহারা মানুষ
থামার সুযোগ কেড়ে নিয়েছে গতি।
ক্লান্তিহীন সময় ফিসফিসিয়ে কানে কানে বলে যায়
ছুটি নেই রে মানব, ছুটি নেই তোর।