রক্ত খনিতে নগ্ন নাগরিক আমি
অসীম দাস
নীরব নীরবে থাক , ডুবে থাক দৃষ্টিতে বৃষ্টির বীজ
আমি মেঘ সৃষ্টি করে নেবো
যখন যেখানে খুশী ঝরাবো মাখাবো , মনসিজ ।
গোপন গোপনে থাক ,রক্ত খনিতে ঢুকে নগ্ন নাগরিক
আমি শব্দে সজ্জা পরাবো
আয়নার অন্তরে অবয়ব দেখে লজ্জা পাবে আকরিক ।
গভীর গভীরে থাক ,জলের ভিতরে মাছ — আঙটির চিল
আমি নাট্যের মোচড় ভাসাবো
উদ্বাস্তু শকুন্তলা ভরা মঞ্চে ভারতের মা অনাবিল ।
রহস্য আড়ালে যাক , বারমুডা কিংবা ত্রিভুজের তিল
আমি নিদ্রার নেত্র নাড়াবো
ভাবনা – ভুক ভোরে যেন উঁকি মারে রাত্রির নীল…