গান্ধর্বী
চন্দ্রিমা দত্ত
কষ্ট তোমার একলা নিতে পাঁজর পেতে,
আকাশ নদী সবই ছিল খুশির কাহন ,
আনকোরা ভোর বাতাস বিভোর ছন্দে মেতে,
ভাবতে বসে -থাক্ না সবাই যে যার মতন ।
চুপ-ই থাকি, রাত্রি থাকুক অনন্তকাল,
নূপুর বেয়েও কান্না ঝরুক শুনুক মাটি ,
মাটির মানুষ-সাক্ষী থাকুক তাল ও তমাল,
চোখের জলের শস্য হবে নিত্য খাঁটি ।
একটাই নাম দেহে মনে একতারাতে ,
দূর্বা সমান নম্র হলে ক্ষুদ্র নত…
শ্যাম বুঝি তাই জন্ম নিল একটা রাতে …
প্রথম থেকেই খুঁজছিল ঠিক তোমার মতো।