ইছামতি হয়নি মানবতা
গৌতম রায়
বাবা সম্বোধন করলে উত্তরাধিকারীর দায়িত্ব কত বেড়ে যায়!
বেরিয়ে পড়লে পথ যার বিশ্ব সংসার–
ছায়ার আসনে বসিয়ে তাকে হাত ধোয়ার জল দাও,
দাও পাতা পেতে ভাত ব্যঞ্জন।
তার কাঁচা পাকা ঝুরির নাও খোঁজ খবর ।
পৃথিবীতে শেকড় কতদূর ছড়িয়েছে সব জানা যায় না।
মূল কান্ডটির যখন পরম যত্ন দরকার তখন ঔরসজাতরা রাখে না খবর,
অথচ জগৎ জীবনের সম্পর্কগুলো বক্ষ দিয়ে স্নায়ু দিয়ে সেচন করলে
পিতা ফিরে ফিরে পায় তার জগত সংসার।
সাক্ষী থাকে মাটির রাস্তা পলাশ আহ্নিক বার্ষিক চাল।
তোমার ভেরিকোস ভেইন, স্থবিরতা, নড়বড়ে রাস্তা পারাপার।
এখন ঢিল দেওয়া জীবনে একটা কিছু হয়ে গেল নিয়ন্ত্রণ নেই তোমার।
আফশোস নেই সমুদ্র থেকে উঠে আসা স্তম্ভমূলের কেউ না কেউ করবে দেখভাল।
তুমি জানো এ আইয়ের জমানাতে এখনও ইছামতি হয়নি মানবতা।