আশিস বন্দ্যোপাধ্যায়
তোমায় ভালোবাসি বলেই চাঁদকে রাখি দূরে
কী আর হবে চাঁদের মায়ায় টলটলে জলছাপ ?
তোমায় ভেবে জীবন পোড়াই জ্বলন্ত রোদ্দুরে
জানি জুড়িয়ে দেয় ভালোবাসা সকল সন্তাপ।
জলের বুকে দুঃখ জমে বোঝে কি সেই রোদ ?
বাষ্প কখন মেঘ হয়ে যায়, উড়তে থাকে খুব।
মেঘের ভিতর বৃষ্টি যাপন খোঁজে না নির্বোধ
কীসব কথা বলবে ভেবেই কথারা নিশ্চুপ।
তোমার জন্য একটা জীবন বড্ড কম পড়ে
সময় দ্রুত ফুরিয়ে আসছে মুখ বন্ধ খামের।
একলা দুপুর সংযমী খুব অঙ্ক কষে মরে
ভুল হবে খুব, যদি ডাকি তোমাকে ডাকনামে ?