পিয়ালী গঙ্গোপাধ্যায়
একটা ইতিহাস গড়তে চেয়েছিলাম
যেমন ক’রে যুগ যুগ ধরে-
সৃষ্টি হয়ে চলে সমস্ত ঐতিহাসিক নিদর্শন ;
এটা ঠিক…… তেমন ধারার হতো না।
এ বৃত্তান্ত শুধু-
অতীত হওয়ার আবহমানতাকে ঘিরে নয় ;
এর প্রবাহ বয়ে যেত চিরকালীন- বর্তমান থেকে ক্রমশঃ ভবিষ্যতের দোরগোড়ায়।
কিন্তু পারলাম না গঠন করতে-
সেই ব্যতিক্রমী যোজনা !
ইতিহাস যে ভৌগলিক অবস্থানের ওপর নির্ভর করে-
এ বিষয়ে নবীশ ছিলাম ;
ইতিহাসের যে অঙ্ক আছে-
এ কথাও বোধগম্যের বাইরে ছিল।
তাই মানচিত্রের অদলবদল বা স্থিতিশীলতার ওপর-
নির্ভরশীল হতে চাইনি কখনও,
গণনাভিত্তিক বিষয়ের ছকটাকেও কখনও গুরুত্বপূর্ণ ভাবতে পারিনি ।
শুধুমাত্র আবেগ দিয়েই স্রষ্টা হতে চেয়েছিলাম-
একটা প্রবহমান যুগের ।
স্বাক্ষর রাখতে চেয়েছিলাম-
একটা যুগান্তকারী ঘটনাতে ;
কেবলমাত্র ভাবাবেশকে প্রাধান্য দিয়েই ।
“চাবুক” দিয়ে কি আর-
আবেগের নিয়ন্ত্রণ করা যায় ?
না কি, ব্যাকুলতার বেচাকেনা করা যায়-
আঘাতের স্পর্ধায় ?
তাই যেটুকু কাহিনী রচনা হয়েছিল-
সে অবশেষও, ধুয়ে গেল অহঙ্কারে !
কোনোভাবেই, ইতিহাসটা আর গড়া হলো না……