ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পড়শি রাজ্য ওড়িশায়। নির্যাতিতা ভিন রাজ্যের বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতে ভুবনেশ্বরের রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন নির্যাতিতা। তার পর জ্ঞান ফিরলে কোনও রকমে হাসপাতালে যায় ওই কিশোরী। যদিও কোনও কোনও সংবাদমাধ্যমে দাবি করছে, স্থানীয় অটোচালকেরা নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসপাতালে যাওয়ার পর নির্যাতিতার শারীরিক পরীক্ষা নীরিক্ষা করেন চিকিৎসকরা। তার শরীরের ক্ষত পরীক্ষা করে চিকিৎসকদের অনুমান, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। যদিও নির্যাতিতা এখনও এ বিষয়ে কিছু বলেনি। সে কথা বলার মতো পরিস্থিতি নেই বলে চিকিৎসকদের দাবি। ইতিমধ্যে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে পুলিশ।
ওড়িশার সংবাদমাধ্যমের দাবি, নির্যাতিতা কিশোরী আনুমানিক ১৭ বছর বয়সী। সে বিহার বা ঝড়খণ্ডের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওই নির্যাতিতা। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তদন্তকারীদের কাছে কিছু স্পষ্ট করে এখনও জানাতে পারেনি সে। চিকিৎসকদের ধারণা, তাকে জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়ানো হতে পারে। পাশাপাশি পুলিশের অনুমান, ওই নির্যাতিতা কিছু গোপন করার চেষ্টা করছে। সেই সঙ্গে বড় কোনও রকমের ধাক্কার মুখোমুখি হয়েছে সে। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। এই আবহে এ বার ওড়িশায় ধর্ষণের অভিযোগ উঠল।
