ওঙ্কার ডেক্স : চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে শনিবার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে পাটনা সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শনিবার দু’দিনের সফরে পটনা গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের কাছে নিজেদের প্রস্তাব রাখল বিহার বিজেপি। কি সেই প্রস্তাব ?
বিজেপি সূত্রে খবর,বিহারের বিধানসভা ভোট এক বা দুই দফাতেই করতে শনিবার নির্বাচন কমিশনের কাছে আর্জিই বিজেপির। পাশাপাশি বোরখা পরে ভোট দিতে যাওয়া মহিলাদেরও শনাক্ত করার জন্য কমিশনকে অনুরোধ করেছে পদ্ম শিবির।
শনিবার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদলও বৈঠক করেন কমিশনের সঙ্গে। সূত্রের খবর, ওই বৈঠকে আধাসেনা মোতায়েনের অনুরোধ করে বিজেপি। বিশেষ করে স্পর্শকাতর বুথে বাড়তি নজর দেওয়ার কথা বলে বিজেপির পক্ষ থেকে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন “এক বা দুই দফায় ভোট করানোর জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি। নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই।” পাশাপাশি তিনি বলেন, ‘বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কি না, তা যাচাই করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে।’ পাশাপাশি, শুধুমাত্র প্রকৃত ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”বিজেপির আরও দাবি, বিহারের যে সব এলাকায় অনগ্রসর শ্রেণি ভোটারের সংখ্যা বেশি, সেই সব এলাকাগুলিতে যাতে আগে থেকেই আধাসেনা মোতায়েনের করা হয়। শুধু তাই নয়, ভোটারদের আস্থা ফেরাতে বাহিনীর রুট মার্চের প্রস্তাবও দেওয়া হয়েছে।
বিহার বিজেপির এই প্রস্তাবের পর কোমর ঝাঁকিয়ে মাঠে নামে বঙ্গের শাসকদল। জোড়াফুল শিবির কটাক্ষের সুরে বলছে, করোনার মধ্যে বাংলায় গত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল পাঁচ দফায়। প্রবল আপত্তি তোলার পরে ও নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে বিজেপি দফা বাড়িয়েছি বঙ্গে। তৃণমূলের অভিযোগ, বঙ্গ বিজেপি ভেবে ছিল দফা বাড়ালে তারা হয়ত বাড়তি সুবিধা পারে। কিন্তু এই দফা বৃদ্ধি বিজেপির কাছে বুমেরাং হয়। যদিও এই দফা বৃদ্ধি নিয়ে বিজেপিকে এখনও সুযোগ পেলে খোঁটা দিতে ছাড়েন না খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বঙ্গ বিজেপি বিহার বিজেপির এই পথ অবলম্ব করে কিনা সে দিকে তাকিয়ে জোড়াফুল শিবির।
