ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা বিহারে। ভিন জাতের ছেলেকে বিয়ে করায় মেয়ের সামনে জামাইকে গুলি করে খুন করলেন শ্বশুর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে অভিযোগ। নিহত যুবক নার্সিং পড়ুয়া ছিলেন। হাসপাতাল চত্বরে তাঁকে গুলি করে খুন করা হয়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত যুবকের নাম রাহুল কুমার। ২৫ বছর বয়স তাঁর। দ্বারভাঙা মেডিক্যাল কলেজে বিএসসি নার্সিং এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। পড়াশোনা চলাকালীন নার্সিং এর প্রথম বর্ষের ছাত্রী তন্নু প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাহুল। পরিবার বা সমাজ তাঁদের সম্পর্ক মেনে নেবে না বলে দু জনেই পরিবারের অসম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই সম্পর্ক আর দীর্ঘ স্থায়ী হল না। ভিন জাতে বিয়ে করায় তন্নুর বাবা জামাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মত হাসপাতালে চত্বরে গিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রাহুলকে গুলি করেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রাহুলের সহপাঠীরা। তারা তন্নুর বাবা রামশঙ্কর ঝাকে বেধড়ক মারধর করেন। যার ফলে অসুস্থ হয়ে পড়ায় রামশঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রামশঙ্করের উন্নত চিকিৎসার জন্য পাটনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুল এবং তন্নু চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা একই হস্টেলের আলাদা আলাদা জায়গায় থাকতেন। হতবাক তন্নু জানান গত সন্ধ্যায় হুডি পরা এক ব্যক্তিকে রাহুলের কাছে আসতে দেখেছিলেন তিনি। পরে তিনি বুঝতে পারেন যে ওই ব্যক্তিটি তাঁর বাবা ছিলেন। তন্নু বলেন, ‘আমার বাবা প্রেমশঙ্কর ঝা বন্দুক নিয়ে এসেছিলেন। তিনি আমার চোখের সামনেই আমার স্বামীর বুকে গুলি করেন। আমার স্বামী আমার কোলে পড়ে যান।’ পরিস্থিতি খতিয়ে দেখতে দারভাঙ্গার জেলা ম্যাজিস্ট্রেট কৌশল কুমার এবং সিনিয়র পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি হাসপাতালে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
