ওঙ্কার ডেস্ক: আদতে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে পরিবার-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় আদালত নির্দেশ দিল, আগামী চার সপ্তাহের মধ্যে সোনালী বিবিকে ভারতে ফেরাতে হবে।
বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি দিল্লিতে থাকতেন স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে। গত কয়েক বছর ধরে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে বাস করছিলেন তিনি। প্রায় দুই দশক ধরে দিল্লিতে কাগজকুড়ুনির কাজ করেছেন তিনি। পাশাপাশি পরিচারিকার কাজ করে আসছিলেন। অভিযোগ, গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে সোনালি-সহ পরিবারকে হঠাৎই আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। তার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সে দেশের পুলিশ সোনালিদের গ্রেফতার করে। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি জানিয়েছেন, সোনালিদের বাংলাদেশ থেকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে কেন্দ্রীয় সরকারকে। আর এই কাজ করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে।
সোনালিদের তরফে এদিন আদালতে তাদের আইনজীবী জানান, সোনালিরা আসলে বীরভূমের বাসিন্দা। বাংলাদেশের নাগরিক নন তাঁরা। তার প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা দেওয়া হয়। যদিও দিল্লি পুলিশের দাবি, সোনালিরা ভারতীয় কি না সন্দেহ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। কিন্তু ঢাকার তরফে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।
