ওঙ্কার ডেস্ক: নতুন বছরের ভিড় ও নিরাপত্তা সামলাতে গিয়ে বারাণসীতে পুলিশের উপর প্রকাশ্য হামলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে এক সাব-ইনস্পেক্টরকে চড় মারার অভিযোগ ওঠে বিজেপি-র এক পুরসদস্যের ছেলের বিরুদ্ধে, যার জেরে উত্তেজিত জনতার হাতে মারধরের পর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরপ্রদেশের বারাণসীতে শহরের চৌক ও মণিকর্ণিকা ঘাট সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও ‘নো-ভেহিকল জোন’ কার্যকর করতে ডিউটিতে ছিলেন সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠী। অভিযোগ, সেই সময় একটি মোটরবাইক নিয়ে নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করেন তিন যুবক। পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবকদের একজন নিজেকে বিজেপি-র এক পুরসভা সদস্যের ছেলে বলে পরিচয় দিয়ে পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। কথাকাটাকাটির মধ্যেই হঠাৎ তিনি সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠীকে চড় মারেন। প্রকাশ্য রাস্তায় পুলিশের উপর এই হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আশপাশে থাকা সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই তাঁরা অভিযুক্ত যুবককে ধরে মারধর শুরু করেন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। মারধরের জেরে তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম হিমাংশু শ্রীবাস্তব। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীর উপর হামলা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
ঘটনার সময় অভিযুক্তের সঙ্গে থাকা আরও দু’জন যুবক পালিয়ে যায়। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বারাণসী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত পুলিশকর্মীর উপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বছরের শুরুতেই শহরের নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
