ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে দলবদলের হিড়িক নতুন নয়। বাংলায় বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে এই যোগদান পর্ব হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বিরবাহা হাঁসদার উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা এদিন হাতে তুলে নেন অরুণা।
দলে যোগ দিয়ে তিনি বলেন, “দিদির কাজ ভালো লাগে। সেজন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমি এতদিন সিপিএমের হয়ে কাজ করেছি। মহিলা সমিতির হয়ে কাজ করেছি। আবার বিজেপির হয়েও কাজ করেছি। আমি কোনও জায়গা পাইনি। এসসি, এসটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা যারা অবহেলিত, সুযোগসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের জন্য আমি কাজ করতে চাই। সেজন্য আমি এই দলে যোগ দিলাম।”
খগেন মুর্মু বিজেপি সাংসদ। স্ত্রী তৃণমূলে এলেন। স্বামী স্ত্রীর ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও একই বাড়িতে থেকে দুই দলের সদস্য, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “সবারই একটা আলাদা আলাদা মত থাকে। উনি বিজেপি গিয়েছেন। উনি তো সিপিএম থেকেই গিয়েছেন। আমিও আমার মনের ইচ্ছামতো কাজ করব। একই পরিবারে দু’জন আলাদা আদালা দলের হয়ে কাজ করতেই পারে। তাঁর যদি কখনও মনের ইচ্ছা হয়, তাহলে খগেনও দলবদল করতে পারেন।”
