ওঙ্কার ডেস্ক: বিজেপির সর্ব ভারতীয় সভাপতি পদে এবার আসতে পারেন কোনও মহিলা মুখ, এমনটাই খবর সূত্রের। যদি সেটা হয় তাহলে বিজেপির ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা। সূত্রের খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও চাইছে বিজেপির মাথায় কোনও মহিলাকে বসাতে। আর তাই তিন নাম নিয়ে চলছে চর্চা। সর্বভারতীয় সভাপতির দৌড়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি ডি পুরন্দেশ্বরী এবং তামিলনাড়ুর বিধায়ক বনথি শ্রীনিবাসন।
সূত্রের খবর, নির্মলা সীতারমন সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে সামনের দিকে রয়েছেন। সম্প্রতি দলের সদর দফতরে বিজেপির বর্তমান জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। যদি সীতারমনকে সর্ব ভারতীয় পদে বসানো হয়। তাহলে দক্ষিণ ভারতে বিজেপির সংগঠন আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।
ডি পুরন্দেশ্বরীও এক্ষেত্রে একটি চর্চিত নাম। বিজেপির প্রাক্তন অন্ধ্র প্রদেশ রাজ্য সভাপতি। একাধিক ভাষায় কথা বলতে দক্ষ তিনি। পুরন্দেশ্বরী রাজনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর মোদী সরকার বিভিন্ন দেশে যে প্রতিনিধিদল পাঠিয়েছিল। সেই প্রতিনিধিদলে ছিলেন পুরিন্দেশ্বরী।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বনথি শ্রীনিবাসনকেও এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে। তামিলনাড়ুর আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে রাজ্য বিধানসভায় কোয়েম্বাটুর দক্ষিণের বিধায়ক বনথি। ১৯৯৩ সালে বিজেপিতে যোগদানের পর থেকে, বনথি রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর সহ-সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালে, দল তাঁকে বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি নিযুক্ত করে এবং ২০২২ সালে তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হন, বিশেষ করে এই পদে প্রথম তামিল মহিলা।
