নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে। অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের কর্মী বলে দাবি বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে জাপানি সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে ডোমজুড় বিধানসভার জাপানি গেট সংলগ্ন এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলা হয়। অভিযোগ, বাপি বিরিয়ানি নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বিজেপি নেতা। গতকাল এই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। দীর্ঘক্ষণ থমথমে থাকে গোটা এলাকা। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট না। পুরনো শত্রুতা নাকি নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি নেতার তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগদান করানো হচ্ছিল। আর সেই দলবদলকে কেন্দ্র করেই এলাকায় রাজনৈতিক টানাপোড়েন চলছিল। তারই জেরে এই হামলা বলে দাবি গেরুয়া শিবিরের।