ওঙ্কার ডেস্ক: জমি নিয়ে গন্ডগোলের জেরে বোমাবাজি। আর যার জেরে প্রাণ গেল এক জনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার আলিনগর গ্রামে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। অশান্তি যাতে না ছড়ায় সে জন্য এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমার আঘাতে যার মৃত্যু হয়েছে তাঁর নাম রফিকুল শেখ। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে নিজের বাড়ির কাছেই ছিলেন রফিকুল। জমি নিয়ে দীর্ঘ দিনের পুরনো বিবাদ ছিল নিজের তুতো ভাই সিরাজুল শেখের সঙ্গে। সেই বিবাদের জেরে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ইতিমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে রফিকুলের পরিবার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রফিকুলদের সঙ্গে সিরাজুলদের বিবাদ চরমে ওঠে ৷ দুই পরিবারের মধ্যে উত্তপ্ত বাক বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে ৷ সেই সময় বোমাবাজি শুরু হয় ৷ অভিযোগ, রফিকুল ও সিরাজুল দুই পরিবারের তরফেই বোমা ছোড়া হয় ৷ একাধিক বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা৷ বোমাবাজির জেরে দু’জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানিরাজ বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷’ এলাকায় শান্তি বজায় রাখতে চলছে পুলিশি টহলদারি।
