নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: ফের ব্রেক ফেলের জেরে দুর্ঘটনা পানাগড় বাইপাসে। মাস্টারপাড়া সংলগ্ন আন্ডারপাসের কাছে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারল খালি সিমেন্ট বোঝাই লরি। জখম হয়েছেন লরিতে থাকা ২ শ্রমিক। বুধবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি কলকাতা থেকে কাঁকসার ১১ মাইলের দিকে যাচ্ছিল। মাস্টারপাড়া আন্ডারপাসের কাছে ট্রাফিক সিগন্যাল লাল হওয়ায় সামনে থাকা একটি ডাম্পার দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে আসা সিমেন্টের লরিটির চালক ব্রেক কষতে গিয়ে বোঝেন ব্রেক কাজ করছে না।
সামনে থাকা একটি ছোট চারচাকাকে বাঁচাতে চালক ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে দেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডাম্পারের পিছনে ধাক্কা মেরে ডিভাইডারের ওপর উঠে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনায় চালক ও খালাসি অল্পের জন্য রক্ষা পেলেও লরিতে থাকা দুই শ্রমিক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার জেরে কিছুক্ষণ সার্ভিস রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করে পুলিশ।