ওঙ্কার ডেস্ক: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশে গিয়ে ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে যৌথ প্রেস বিবৃতি দিয়েছেন মোদী সেখানে উঠে এসেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি থেকে শুরু করে ব্রাজিলে ইউপিআই চালুর কথা।
প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকের আলোচনায় আমরা সমস্ত ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত হয়েছি। আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি আমরা।’ ব্রাজিলে ইউপিআই চালুর জন্য ভারত সহযোগিতা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘ব্রাজিলে ইউপিআই চালু করার বিষয়ে দুই দেশ একযোগে কাজ করছে। ডিজিটাল জনপরিকাঠামো ও মহাকাশের মতো ক্ষেত্রগুলিতে আমাদের সফল অভিজ্ঞতা আমরা সানন্দে ব্রাজিলের সঙ্গে ভাগ করে নিতে চাই।’
মোদীর কথায় উঠে এসেছে ব্রাজিলের ফুটবল এবং ভারতের ক্রিকেটের প্রসঙ্গ। তিনি বলেন, ‘ভারতের মানুষ যেমন ক্রিকেট ভালোবাসেন, তেমনি ফুটবল হল ব্রাজিলের আবেগ। বল বাউন্ডারির ওপারে পাঠানো হোক অথবা গোলের মধ্যে, আমরা যখন একই টিমে রয়েছি তখন ২০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব অর্জন করা কঠিন হবে না। ভারত-মারকোসার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যেও আমরা একসঙ্গে কাজ করব।’
উল্লেখ্য, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ সম্মানিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান পেলেন।
