স্পোর্টস রিপোর্টার : ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর এবার টি২০ বিশ্বকাপ নিয়েও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করল সিএবি। সম্পাদকীয় সহযোগিতায় কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। আজ ইডেনে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ফাঁকে এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক উন্মোচন করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন প্রাক্তন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সিএবি সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সুভেন রাহা।
সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সিএবির সঙ্গে সংবাদমাধ্যমের অঙ্গাঙ্গী সম্পর্ক। সিএবি ইতিমধ্যেই প্রতি তিন মাস অন্তর নিউজলেটার প্রকাশ করে যাতে বাংলার ক্রিকেটের খুঁটিনাটি খবর, সিএবির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরা হয়। যা সদস্যদের পাশাপাশি সাংবাদিকদের কাছেও পৌঁছে দেওয়া হয়। সৌরভের আশা, এই ম্যাগাজিনটাও পাঠক মহলে সমাদৃত হবে। সৌরভ আরও বলেন, টি২০ বিশ্বকাপের পর আইপিএল আছে। আগামী কয়েক মাস ইডেনে টানা খেলা। সকলকে ক্রিকেট উপভোগের বার্তাও দেন সিএবি সভাপতি।
