ওঙ্কার ডেস্ক: প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে প্রশ্ন উঠল আদালতে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় আইন বহির্ভূত বলে দাবি আইনজীবীর। অভিযোগ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মানেননি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ জুলাই।
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালের ১২ মে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ সালের টেট থেকে মোট ৪২৫০০ জন শিক্ষক নিয়োগ করেছিল। সেখানে যথাযথ নিয়োগ পদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।সেই সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেল থেকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেন।
চাকরিহারা শিক্ষকদের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার হাইকোর্টে তিনি দাবি করেন, সিঙ্গল বেঞ্চ ন্যায়বিচার থেকে চাকরিহারাদের বঞ্চিত করেছে। কল্যাণের দাবি একতরফা ভাবে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। সিবিআই তদন্তেও অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেন কল্যাণ। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই অস্বীকার করেছিল প্রাথমিকের নিয়োগে দুর্নীতির অভিযোগ। চাকরিহারারাও এ বার একই দাবি করলেন।
