ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাটি দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। বিচারপতি কৃষ্ণ রাও তাঁকে মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছে।
সোমবার আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, বিধানসভা নির্বাচনের আগে অভিষেক যেড প্লাস নিরাপত্তা পেতেন। ভোটের পর সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।আইনজীবীর বক্তব্য, এর আগে একাধিক বার আক্রান্ত হয়েছেন অভিষেক। বর্তমানে তাঁর নিরাপত্তায় কোনও নিরাপত্তাবাহিনী নেই। কেবলমাত্র কয়েক জন হাউস গার্ড রয়েছেন বলে জানান তিনি। এই পরিস্থিতিতে মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন অয়ন। তবে বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর বিষয়টি শুনবেন তিনি।
নিরাপত্তা নিয়ে প্রশ্নের নেপথ্যে মে মাসের একটি ঘটনাও রয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। তাঁর দিকে ডিম এবং জুতোও ছোড়া হয়েছিল বলেও অভিযোগ।