ওঙ্কার ডেস্ক: পুরসভা নির্বাচনের আগে প্রতীক নিয়ে আরও জটিলতা কালীঘাট তৃণমূলে। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আগামী ৬ অক্টোবর। তার পরের মাসে রয়েছে পুরভোট। কিন্তু সেই নির্বাচনেও জোড়াফুল প্রতীক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথমে দু’পক্ষের বক্তব্য শুনবে কমিশন। এই প্রক্রিয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও তিন মাস সময় পাবে কমিশন। ফলে নভেম্বরের পুরভোটের আগে প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। এর জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই কেন্দ্রের উপনির্বাচন কিংবা পুরসভা ভোটে কোনও পক্ষ জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। সোমবারের শুনানিতেও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে বিভাজন প্রকাশ্যে আসে। একদিকে কালীঘাট তৃণমূল। অন্যদিকে ঋতব্রত তৃণমূল। এই দ্বন্দ্বের মধ্যেই কয়েক দিন আগে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে এবং দলীয় তহবিলের মালিকানা কোন গোষ্ঠীর, তা আগে নির্ধারণ করা হবে। এরপরই নাম ও প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।