নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পেট্রোল ভেবেছিলেন, কিনলেন জল! এমনই অভিযোগ উঠল হাওড়ার জগৎবল্লভপুরের সীতাপুর জোড়া পেট্রোল পাম্পের বিরুদ্ধে। শনিবার ঘটনাকে ঘিরে সকাল থেকে পাম্প চত্বরে ব্যাপক উত্তেজনা।
জানা গেছে, আজ সকালে বাহানা এলাকার এক বাসিন্দা ওই পাম্প থেকে ১২ লিটার পেট্রোল কেনেন। পাম্প থেকে বেরিয়ে মাত্র ৫০ মিটার এগোতেই আচমকা বন্ধ হয়ে যায় তাঁর গাড়ি। অনেক চেষ্টা করেও গাড়ি আর চালু হয়নি। এরপর তিনি গাড়িটি নিয়ে যান সামনের একটি গ্যারেজে। সেখানে মিস্ত্রি পরীক্ষা করে জানান, তেলের সঙ্গে জল মিশে আছে। এরপর গাড়ির ট্যাঙ্ক থেকে পুরো তেল বের করে সাদা পাত্রে ঢালতেই চক্ষু চড়কগাছ সবার। পেট্রোলের বদলে পাত্রে দেখা যায় জল।
সেই জল মেশানো তেল নিয়ে গ্রাহক ফের পাম্পে ফিরে আসেন। তখনই জানা যায়, তিনি একা নন। একই অভিযোগ নিয়ে বোতল, ড্রামে করে তেল নিয়ে হাজির হয়েছেন আরও অনেক গ্রাহক। সবারই একই দাবি, পাম্প থেকে নেওয়া তেলে জল মেশানো। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, এই ঘটনার জন্য অনেকের অফিস যাওয়া হয়নি, জরুরি কাজ বাতিল করতে হয়েছে। আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
প্রথমে পাম্প কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পেট্রোলে ইথানল মেশার কারণে এমনটা হতে পারে। কিন্তু গ্রাহকদের চাপের মুখে পরে তাঁরা জল থাকার কথা স্বীকার করে নেন। জানান, পরীক্ষা না করেই ওই তেল সরবরাহ করা হয়েছিল। তেলের গুণমান ঠিকমতো পরীক্ষা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সঠিক তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আপাতত ওই পাম্পে তেল দেওয়া বন্ধ রয়েছে।