তাপস মহাপাত্র
ভারতের সংসদীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন। লোকসভায় আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানো এবং ১৯৭১ সালের জনগণনাকে ভিত্তি করে রাজ্যগুলির আসনভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা আরও ২৫ বছর বহাল রাখার প্রস্তাব সামনে এনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। কেন্দ্রের এই উদ্যোগ একদিকে যেমন দক্ষিণ ভারতের রাজ্যগুলির দীর্ঘদিনের উদ্বেগ প্রশমনের চেষ্টা, অন্যদিকে তেমনই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজনৈতিক ভারসাম্য এবং সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।
ভারতের রাজনৈতিক সমীকরণে উত্তর ও দক্ষিণের দ্বন্দ্বের মধ্যে অবশ্য বিলটি পাশ করানোর ব্যাপারে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড়ে ব্যস্ত থেকেছে মোদী সরকার। যার অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল ত্যাগী এনসিপিআই সংসদরা, সেইসঙ্গে কংগ্রেসের সঙ্গে দূরত্বের কারণে তামিলনাডুর ডিএমকে-কে কাছে টানার চেষ্টা অব্যাহত রেখেছে কেন্দ্র। ডিএমকে-এর সঙ্গে এই বোঝাপড়ায় কেন্দ্রীয় মন্ত্রীত্বের প্রস্তাবও রয়েছে। যা ডিএমকে চীফ স্ট্যালিনের কাছে গ্রহণযোগ্য হতে পারে বুলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া এনসিপি সাংসদ ও শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেকে কাছে পাওয়ার সম্ভাবনা প্রায় পাকা। এর ফলে তৃণমূল ত্যাগী ২০ সাংসদ, ডিএমকে-এর ৮ এবং মহারাষ্ট্রের এনসিপি-র ৬ জন সাংসদের সমর্থন পাচ্ছে কেন্দ্র। সব ঠিক থাকলে কেন্দ্রে এনডিএ সরকারের শক্তি দাঁড়ায় ৩৪৮। যদিও বিল পাশ করতে চাই ২৬২ জন সাংসদের সমর্থন।
কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসনসংখ্যা বর্তমানের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বর্তমান ৫৪৩টি নির্বাচিত আসনের সংখ্যা বেড়ে ৮১৪ বা তার কাছাকাছি পৌঁছতে পারে। এই বৃদ্ধি সব রাজ্যের ক্ষেত্রেই একই হারে কার্যকর হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা কিছুটা কমবে। কারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ায় তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির ভয় ছিল, নতুন জনগণনার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলির তুলনায় সংসদে তাদের রাজনৈতিক প্রভাব কমে যাবে।
এই প্রেক্ষাপটে ১৯৭১ সালের জনগণনাকে ভিত্তি করে রাজ্যগুলির আনুপাতিক আসনসংখ্যা নির্ধারণের বিধান আরও ২৫ বছর বহাল রাখার প্রস্তাব বিশেষ তাৎপর্যপূর্ণ। এর ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি জনসংখ্যার নিরিখে সংসদীয় প্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা থেকে আপাতত রেহাই পেতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বের ব্যবস্থা বজায় রেখে দেশের বর্তমান জনসংখ্যাগত বাস্তবতার সঙ্গে সংসদীয় কাঠামোর সামঞ্জস্য কীভাবে রক্ষা করা হবে ?
এই বিতর্কের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে সংসদের বিশেষ অধিবেশনকে ঘিরে। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ বৈঠক শুরু হওয়ার কথা। বর্ষাকালীন অধিবেশনেরই সম্প্রসারণ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৩ আগস্ট লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হলেও অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। সংসদীয় ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন রেকর্ড তৈরি করেছে। ৩০ নভেম্বর লোকসভার এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বৈঠক বসবে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ অধিবেশন। যদিও এই বৈঠকে ঠিক কোন কোন বিল আনা হবে, তা সরকারিভাবে স্পষ্ট করেনি কেন্দ্র।
উল্লেখযোগ্য, গত এপ্রিল মাসে ডিলিমিটেশন সংক্রান্ত বিল সংসদে পাস করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্র। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বিলটি আটকে যায়। তবে তারপর থেকে সংসদের রাজনৈতিক অঙ্কে কিছু পরিবর্তন ঘটেছে। সেই পরিস্থিতিতে সংশোধিত প্রস্তাব নিয়ে কেন্দ্র ফের উদ্যোগী হলে বিলটি পাস করানোর চেষ্টা জোরদার হতে পারে।
কেন্দ্রের সম্ভাব্য পদক্ষেপের মোকাবিলায় বিরোধীরাও প্রস্তুতি শুরু করেছে। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে শনিবার নিজের বাসভবনে বিরোধী দলগুলির সংসদীয় নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ডিলিমিটেশন বিল ফের সংসদে পেশ করা হলে কীভাবে যৌথভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।
তবে এই বিতর্ককে কেবল আসনসংখ্যা বৃদ্ধির প্রশ্ন হিসেবে দেখলে ভুল হবে। ভারতের সংসদীয় গণতন্ত্রে প্রতিটি রাজ্যের রাজনৈতিক গুরুত্ব, জনসংখ্যা, উন্নয়ন এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক—সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে ডিলিমিটেশন। একদিকে জনসংখ্যার ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের দাবি, অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির রাজনৈতিক স্বার্থ রক্ষার প্রশ্ন। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশেষত, ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে উত্তর ও দক্ষিণের রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব শুধু সংসদে সীমাবদ্ধ থাকবে না। কেন্দ্র-রাজ্য সম্পর্কেও তার প্রতিফলন ঘটতে পারে। ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ২৫ বছরের স্থগিতাদেশের প্রস্তাব আপাতদৃষ্টিতে সমঝোতার পথ খুললেও এর বাস্তবায়ন পদ্ধতি, রাজ্যভিত্তিক আসন বণ্টন এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা জরুরি।
সব মিলিয়ে ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন উদ্যোগ ভারতের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ তৈরি করেছে। সংসদের বিশেষ অধিবেশনে সরকার কী প্রস্তাব আনে এবং বিরোধীরা কী অবস্থান নেয়, তার ওপর নির্ভর করবে এই বিতর্কের পরবর্তী গতিপথ। তবে একটি বিষয় স্পষ্ট—লোকসভার আসন বাড়ানোর অঙ্কের আড়ালে আসলে নির্ধারিত হতে চলেছে আগামী দিনের ভারতীয় রাজনীতিতে কোন রাজ্যের কতটা প্রভাব থাকবে।